সীতাকুণ্ডে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ রোববার সকালে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পাটকলের শ্রমিকেরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন ২০১০ অনুযায়ী বকেয়া বেতনের তৃতীয় কিস্তি গত ৩১ জুলাই পরিশোধের কথা ছিল। পরে ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়। তখনও বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ৫ সেপ্টেম্বর তা পরিশোধের ঘোষণা দেয় সরকার। ওই দিনও বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা এ অবরোধ কর্মসূচির ডাক দেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সীতাকুণ্ডের বারবকুণ্ড, কোটকাবাজার, সোনাইছড়িসহ কয়েকটি স্থানে পাটকল ও কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। মূলত সীতাকুণ্ডে বাংলাদেশ জুটমিল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন চারটি পাটকল ও একটি যন্ত্রাংশ তৈরির কারখানার শ্রমিকেরা এ অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা।
যেসব পাটকল ও কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন, সেগুলো হলো হাফিজ জুট মিলস, এম এম জুট মিলস, আর আর জুট মিলস, গুল আহম্মদ জুট মিলস ও গালফ্রা-হাবিব লিমিটেড।
শ্রমিকেরা আন্দোলনে অংশ নেওয়ায় এ সময় পাটকলগুলো সকাল সাড়ে নয়টা থেকে কার্যত অচল হয়ে পড়ে। যেকোনো ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি মিলের ফটকে শিল্প পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন ছিল।
রাষ্ট্রায়ত্ত পাটকল সমন্বয় পরিষদ বাংলাদেশের সভাপতি মাহাবুবুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আমাদের বকেয়া পাওনা আদায়ের সংগ্রাম করছি।’
চট্টগ্রামের (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, ‘শ্রমিকেরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। তাই আমরা কোনো অ্যাকশনে যাইনি। তাঁদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’