সীতাকুণ্ডে পাটকলে ভাঙচুর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মকবুলুর রহমান জুট মিল নামের একটি পাটকলে গতকাল শনিবার সকালে বহিরাগত শ্রমিকদের একটি অংশ কারখানায় নেতৃত্বের নিয়ন্ত্রণ নিতে গেলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় কারখানার মহাব্যবস্থাপকের কক্ষ ও ক্যানটিন ভাঙচুর হয়। পরে শিল্পাঞ্চল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (্ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদাকাত উল্লাহর নেতৃত্বে প্রায় ২০০ জন বহিরাগত শ্রমিক কারখানা চত্বরে গিয়ে সমাবেশ করে। এ সময় সেখানে সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করেন তিনি। এ কারণে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সমাবেশ থেকে কিছু লোক কারখানার মহাব্যবস্থাপকের কক্ষ ও ক্যানটিনে ভাঙচুর চালায়।জানতে চাইলে সাদাকাত উল্লাহ প্রথম আলোকে বলেন, বর্তমান কমিটি চাকরিচ্যুত বা অবসরে যাওয়া শ্রমিকদের পাওনা টাকা আদায়ের উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে কারখানায় গিয়ে নতুন কমিটি করে দেওয়া হয়েছে। তাঁর লোকজন ভাঙচুর করেনি বলে তিনি দাবি করেন।তবে জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বর্তমান সভাপতি মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, বহিরাগত প্রায় ২০০ শ্রমিক এসে কারখানায় ভাঙচুর করে। যারা কারখানায় ভাঙচুর করেছে, তারা কেউ কারখানায় কাজ করে না বলে তিনি জানান।শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, কারখানার প্রধান নির্বাহীর কক্ষ ভাঙচুর করেছে শ্রমিকদের একটি পক্ষ।এই জুট মিলটি পাঁচ বছর ধরে ইজারা নিয়ে পরিচালনা করছে মাসনুন এন্টারপ্রাইজ। সম্প্রতি মিলটি দুটি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রক্রিয়া শুরু হয়। মিলটিতে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এখন পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে।