সীতাকুণ্ডে পাহাড় কাটার অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর আবাসিক এলাকার পাশে পাহাড় কাটার সময় গতকাল মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকায় প্রায় পাঁচ গন্ডা আয়তনের ৪০ ফুট উঁচু পাহাড় কেটে সমতল করা হয়েছে বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার সকালে পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন: বাণিজ্যিক প্রতিষ্ঠান ফখরী অ্যান্ড সন্সের ব্যবস্থাপক নাসির উদ্দিন ও এস্কেবেটরের চালক মো. আজাদ। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহূত এস্কেবেটরটি জব্দ করা হয়।পাহাড় কাটার ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক হোসাইনী ফখরী, গ্রেপ্তার দুজন ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব বাদী হয়ে মামলাটি করেন।চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তাজমিনুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, সিডিএ আবাসিক এলাকার পাশে উত্তর-পূর্ব দিকে ফখরী অ্যান্ড সন্স কিছু দিন ধরে পাহাড় কাটছিল। পাহাড় কাটা তদারক করছিল ব্যবস্থাপক নাসির।অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব জানান, সলিমপুরে ফখরী অ্যান্ড সন্স কোম্পানির ১৯ একর পাহাড়ি জমি রয়েছে। এর মধ্যে পাঁচ গন্ডা আয়তনের পাহাড় কেটে ফেলা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল সকালে গিয়ে পাহাড় কাটতে দেখেন। তাঁরা বাধা দিলেও কাজ হয়নি।