সীতাকুণ্ডে পাহাড় কাটার সময় চারজন গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় পাহাড় কাটার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল। এ সময় মাটিবোঝাই দুটি ট্রাক, দুটি খননযন্ত্র (এস্কেভেটর) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়বকুণ্ড এস কে এম জুট মিলের পাশে ফকির কানাল পাহাড়ে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ট্রাকচালক শেখ আলম (২৫), ট্রাকচালক হারুনুর রশিদ (৪৫) এবং স্থানীয় দুই শ্রমিক শওকত হোসেন (২৩) ও মোরশেদ আলম (২৮)। রফিকুল আনোয়ার ও খায়রুল বশর নামে স্থানীয় দুই ব্যক্তি পাহাড় কাটায় নেতৃত্ব দিচ্ছিলেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এই দুই ব্যক্তি ও গ্রেপ্তারকৃত চারজনসহ ৯-১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।এনফোর্সমেন্ট দলের নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম। তাদের সহায়তা করে র্যাব-৭ ও সীতাকুণ্ড থানার পুলিশ।আড়াই একর বিস্তৃত ৪০-৫০ ফুট উচ্চতার পাহাড় ১৫-২০ দিন ধরে কাটা হচ্ছিল বলে জানা গেছে।অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব জানান, অভিযানের সময় বাড়বকুণ্ডের ফকির কানাল পাহাড়ের বড় অংশ কাটা অবস্থায় দেখা যায়। তাঁরা এস্কেভেটরের মাধ্যমে মাটি কেটে ট্রাকে ভর্তি করতে দেখেন। এ সময় হাতেনাতে ট্রাকচালক ও শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। কয়েকজন পালিয়ে যায়। এই পাহাড় কাটার সঙ্গে মোট ১৪ জনের একটি দল জড়িত বলে তিনি জানান।