সীতাকুণ্ডে পাহাড় কাটায় ইটভাটা বন্ধের নির্দেশ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে পাহাড় কেটে ইট তৈরির দায়ে ‘এমইবি’ নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটা কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটার একজন শ্রমিককে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম ওই অভিযান পরিচালনা করেন। ইটভাটাটিতে এর আগে সর্বশেষ তিন বছরে দুবার অভিযান চালায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে ভাটাটিকে প্রায় ১ কোটি টাকা জরিমানা করা হয়। উচ্চ আদালতে রিট করায় তা এখনো আদায় করা যায়নি।
মাহবুব আলম বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটা কর্তৃপক্ষ পাহাড় কেটে ইট তৈরি করছে—এমন খবরে গতকাল দুপুরে অভিযান চালানো হয়। টের পেয়ে ভাটার কর্মকর্তারা পালিয়ে যান। তিনি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা ভাটাটির ভেতরে অন্তত আধা কিলোমিটারজুড়ে পাহাড় কাটা দেখতে পান। তিনি পাহাড়ের পাদদেশে কয়েকটি গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। ভাটাটির অনুমতিপত্রও নবায়ন করা নেই। আটক শ্রমিককে থানা হেফাজতে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন বলেন, তিন বছর আগে পাহাড় কাটার অভিযোগে ইটভাটাটিকে ৭৪ লাখ টাকা জরিমানা করা হয়। উচ্চ আদালতে রিট করায় এখনো ওই টাকা আদায় করা সম্ভব হয়নি। ছয় মাস আগেও একই অভিযোগে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধেও আপিল করে ভাটা কর্তৃপক্ষ।