সীতাকুণ্ডে পাহাড় দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় দখলকে কেন্দ্র করে শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গতকাল রোববার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে গ্রামবাসী প্রতিষ্ঠানটির শ্রমিকদের কলোনির ২০টি ঘর পুড়িয়ে দিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুল খায়ের অটো রি-রোলিং মিল কর্তৃপক্ষ বিকেল চারটার দিকে শীতলপুর এলাকায় তাদের নিজস্ব নিরাপত্তাকর্মী, শ্রমিক ও বহিরাগত লোক নিয়ে মিলসংলগ্ন চারটি পাহাড় ও সমতল ভূমি দখল করে সেখানে টিনের বেড়া দিতে থাকে। এলাকার লোকজন তাতে বাধা দেয়। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের কয়েকজনকে পিটিয়ে আহত করেন। খবর ছড়িয়ে পড়লে গ্রামের শত শত বাসিন্দা ওই মিলে হামলা চালায়। এতে সংঘর্ষ বেধে যায়। এ সময় মিলের শ্রমিক ও বহিরাগত ব্যক্তিরা শতাধিক ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষ রেললাইনের দুই পাশে অবস্থান নিয়ে পরস্পরের দিকে ইটপাটকেল ও পাথর ছুড়তে থাকে।খবর পেয়ে সেখানে সোনাইছড়ি ইউনিয়ন পরিষেদের (ইউপি) চেয়ারম্যান নূর উদ্দিন জাহাঙ্গীর এবং সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ পুলিশ নিয়ে যান। এ সময় ইটপাটকেলের আঘাতে ইউপি চেয়ারম্যান, ওসি, উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহারসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এ ছাড়া স্থানীয় বাসিন্দা গোলতাজ খাতুন (৬০), নূর উদ্দিন (২৫), শাহ আলম (৩৫), সেকান্দর মিয়া (৫৭), আবিদুল গাউছ (৫৫), ইকবাল হোসেনসহ (২৫) গ্রামের প্রায় ৪৫ জন বাসিন্দা আহত হন। সংঘর্ষ চলাকালে গ্রামবাসী রেললাইনের পাশে অবস্থিত মিলের শ্রমিক কলোনিতে আগুন ধরিয়ে দিলে ২০টি ঘর পুড়ে যায়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন জাহাঙ্গীর বলেন, আবুল খায়ের গ্রুপের লোকজন জায়গা দখল করতে গেলে এই সংঘর্ষ বাধে।আবুল খায়ের স্টিল মিলের ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, ‘আমরা আমাদের নিজ জায়গায় ঘেরাও করছিলাম। তারা অন্যায়ভাবে আমাদের বাধা দেয়।’ওসি নূর মোহাম্মদ বলেছেন, ‘আবুল খায়ের গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে রাতে (গতকাল) আলোচনা হবে। তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষ এখনো মামলা করেনি।’