সীতাকুণ্ডে পাহাড়ধসের ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ইটভাটার জন্য মাটি কাটার সময় পাহাড় ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও পুলিশ পৃথক মামলা দুটি করে।এদিকে ওই ইটভাটা এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা দুজন হলেন ইসলাম (১৮) ও মো. সেলিম (১৯)। তাঁরা মিয়ানমারের আকিয়াব জেলার মুণ্ডু এলাকার বাসিন্দা। গত বুধবার মডার্ন ব্রিকস নামের ওই ইটভাটায় মাটি কাটার সময় পাহাড় ধসে আমানউল্লাহ (৩২) নামে এক শ্রমিক নিহত হন। এই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হন। নিহত ওই শ্রমিক মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর থেকেই ইটভাটার মালিক ও কর্মকর্তারা পলাতক। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড় কাটার অভিযোগে গত মাসে ওই ইটভাটাকে প্রায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। তবে জরিমানা পরিশোধে সময় নিয়ে আবার পাহাড় কাটা শুরু করে ইটভাটাটির মালিক। পুলিশ সূত্র জানায়, মডার্ন ব্রিকস নামের ওই ইটভাটায় যথাযথ সতর্কতা অবলম্বন না করে কাজ করায় এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিত না করায় উপপরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় ইটভাটার মালিক আবুল কালাম, ব্যবস্থাপক জিয়াউল হকসহ আরও তিন কর্মকর্তা ও দুই ঠিকাদারকে আসামি করা হয়েছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুন অর রশিদ বাদী হয়ে হাকিম আদালতে আরেকটি মামলা করেছেন। মামলায় আবুল কালাম, জামাল উদ্দিনসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকেই ইটভাটার মালিক ও কর্মকর্তারা পলাতক। অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়। ইটভাটায় মিয়ানমারের নাগরিক কাজ করত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’