সীতাকুণ্ডে পিকনিকের বাস উল্টে আহত অর্ধশত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পিকনিকের বাস উল্টে অন্তত ৪১ শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাট এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালে ২৫ জন, চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ছয়জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আল হেরা একাডেমির (প্রাথমিক বিদ্যালয়) শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষাসফরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকিচরে যান। ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলে অন্তত ৮৭ জন ছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা ও কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
বিএসবিএ হাসাপাতালের অনুসন্ধান কেন্দ্র থেকে সুমন নামে এক ব্যক্তি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালে ২৫ শিক্ষার্থী ও অভিভাবককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ উল্লাহ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে অন্তত সাত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।