সীতাকুণ্ডে পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলী ও তাঁর স্ত্রী সুইটি বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গৃহপরিচারিকা রোমেলা খাতুনের (৮) বাবা ইয়াজ উদ্দিন খান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এই মামলা করেন।নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি হয় বলে জানা গেছে।মামলার এজাহারে বলা হয়, সীতাকুণ্ডে শাহেদ আলীর বাসায় রোমেলা খাতুনকে মারধর করা হয় এবং গরম খুন্তি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। এ ছাড়া তার শরীরে গরম পানিও ঢেলে দেওয়া হয়।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এসআই শাহেদ আলী বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানা গেছে।রোমেলাদের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামে। বাবা দিনমজুর। মা অন্যের বাড়িতে কাজ করেন। অভাবের কারণে ইয়াজ উদ্দিন মেয়েকে সীতাকুণ্ডে শাহেদ আলীর বাড়িতে কাজ করতে পাঠিয়েছিলেন।রোমেলা বর্তমানে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।রোমেলার বাবা ইয়াজ উদ্দিন জানান, সাত মাস আগে রোমেলাকে তিনি শাহেদ আলীর বাসায় পাঠান। শাহেদ আলী এর মধ্যে একবারও তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে দেননি।সরেজমিন দেখা যায়, হাসপাতালে চুপচাপ শুয়ে আছে মেয়েটি। পুরো শরীরে ক্ষত। মাথার চুল উঠে গেছে। মুখ, পিঠ, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে ঘা।রোমেলা খাতুন অভিযোগ করে, পুলিশ দম্পতির অত্যাচারে তার এই অবস্থা হয়েছে। শাহেদ আলীর স্ত্রী সুইটি তাকে সব সময় মারপিট করতেন। রুটি ছ্যাঁকা গরম খুন্তি ও চামচ দিয়ে তাকে পেটাতেন। কয়েকবার শরীরে গরম পানি ও গরম তরকারি ঢেলে পুড়িয়ে দিয়েছেন। হাতের কাছে যা পেতেন তা দিয়েই পেটাতেন। একবার পিটুনিতে মুখ কেটে গেলে সুইটি বেগম সুঁই-সুতা দিয়ে কাটা জায়গা সেলাই করে দেন।হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ফাইরোজ বেগম বলেন, তাপজনিত কোনো কারণে মেয়েটির শরীরে ঘা তৈরি হয়েছে। বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।এসআই শাহেদ আলী রোমেলার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে কোনো নির্যাতন করা হয়নি। বাজার থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় সে আহত হয়েছে। অন্যদিকে পানি গরম করার সময় গরম পানি ঢেলে পড়লে তার শরীর পুড়ে যায়। আমরা তাকে চিকিৎসা দিচ্ছিলাম।’