সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাজী মহিউদ্দীন (৪২) হত্যার ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। খুনের সঙ্গে জড়িত থাকা সন্দেহে মো. শাকিল (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জনতার দাবির মুখে সীতাকুণ্ড থানা-পুলিশের গোয়েন্দা শাখার কনস্টেবল মাহফুজুর রহমানকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ঘটনার পর গতকাল শুক্রবার পর্যন্ত থানায় মামলা হয়নি। সীতাকুণ্ড পৌর বাজার কমিটি, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দীন খুনের ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, সীতাকুণ্ড বাজারের দোকানপাট ও বাড়িঘরে হামলা-ভাঙচুর চালান। এ ঘটনায় সীতাকুণ্ড বাজার মালিক সমিতি ক্ষোভ প্রকাশ করে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানায়। দলীয় নেতা-কর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আগামী দলীয় সভায় ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম জানান, খুন ও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেন, এটি একটি নিয়মিত বদলির ঘটনা। তাঁকে নিয়ে প্রশ্ন ওঠায় বদলি করা হয়। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাজী মহিউদ্দীন তাঁর ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে খুন হন।