সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলারঘটনায় মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলার ঘটনায় বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজীসহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
গত শুক্রবার উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
হামলার শিকার সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার গতকাল শনিবার এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, রমজান আলী নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে তাঁর (রমজান) বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা কারাগারে: ঘটনার দিন গ্রেপ্তার ১৬ ব্যক্তিকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তিন নারী ছাড়া বাকি ১৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল উদ্দিন জানান, আজ রোববার রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।