সীতাকুণ্ডে পুলিশের পিকআপ ভ্যানকে বাসের ধাক্কা, আহত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সকালে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে অন্য পুলিশ সদস্যরা আহত আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পুলিশ সদস্যরা মিরসরাই এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন শেষে চট্টগ্রামের পুলিশ লাইনে ফিরছিলেন।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. শামীম, আবদুল মোতালেব, মো. মহসিন, দেলোয়ার, মো. মাহবুব, সরোয়ার, প্রিয়ময় চাকমা ও মো. মনির।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, আহত পুলিশ সদস্যরা সবাই বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। যানজট নিরসনে মহাসড়কের যানজটপূর্ণ এলাকায় অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য আনা হয়েছিল। দায়িত্ব পালন শেষে আজ সকালে ফেরার পথে পিকআপ ভ্যানটি ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে এসে গতি কমিয়ে দেয়। এ সময় চট্টগ্রামের দিকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে পুলিশের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।