সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা।
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার কুমিরা ইউনিয়নেই দুর্ঘটনা দুটি ঘটে। হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রলপাম্পের সামনে বিটুমিন বহনকারী একটি ট্যাংকলরি নির্মল দাস (৫০) নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নির্মল দাশের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তরমছজিদ্দা গ্রামের মুহুরিপাড়ায়।

এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট এলাকায় একজন মোটরসাইকেল আরোহীকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত মোটরসাইকেল আরোহী সাইদ হোসেন (৩৮) মিরসরাই উপজেলার বাসিন্দা।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিটুমিনের ট্যাংকলরিটিকে আটক করা গেলেও চালক পলাতক। অন্যদিকে কাভার্ড ভ্যানটি এখনো আটক করা যায়নি।