সীতাকুণ্ডে প্রচুর ইলিশ, বরফের দাম বাড়িয়েছেন কলমালিকেরা
চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। ফলে দাম কমেছে ইলিশের। কিন্তু ইলিশের সরবরাহ যতই বাড়ছে, তা সংরক্ষণে বাড়ছে বরফের চাহিদাও। এই সুযোগে কারখানার মালিকেরা বরফের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালের পর গত বছর ইলিশের উৎপাদন ছিল সবচেয়ে বেশি। গত বছর ইলিশ ধরা পড়েছে এক হাজার ২৫৩ মেট্রিক টন। এ বছর মৌসুমের শুরু থেকেই ইলিশ বেশি পরিমাণে ধরা পড়ছে। শুধু আগস্ট মাসে (বৃহস্পতিবার পর্যন্ত) ইলিশ ধরা পড়েছে ৬০০ মেট্রিক টন। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৫০০ মেট্রিক টন। মাসে একটি অমাবস্যা ও একটি পূর্ণিমায় পাঁচ দিন করে মোট ১০ দিন ইলিশ বেশি ধরা পড়ে।
কুমিরা ফেরিঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, ইলিশ নিয়ে একের পর এক নৌকা খালে ঢুকছে। আর পাইকার, তাঁদের লোকজন ও কিছু খুচরা বিক্রেতা ইলিশ কেনার জন্য নৌকার দিকে ছুটছেন। কেউ কেউ ঘাটে অপেক্ষা করছেন তরতাজা মাছ কেনার জন্য। বেড়িবাঁধ এলাকায় ও পাইকারদের দোকানের সামনে ইঞ্জিনের সাহায্যে বরফ ভাঙার কাজ চলছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ভরা কটালে প্রতিটি ছোট নৌকায় এক থেকে তিন মণ, ফিশিং বোটে দুই থেকে পাঁচ মণ পর্যন্ত ইলিশ ধরা পড়েছে। ছোট (৪০০ গ্রামের নিচে) ইলিশ প্রতিমণ সাত থেকে ১০ হাজার টাকা, মাঝারি (৮০০ গ্রাম পর্যন্ত) ইলিশ ১১ থেকে ১৫ হাজার টাকা, বড় ইলিশ (৮০০ গ্রাম থেকে দেড় কেজি) ১৬ থেকে ২৬ হাজার টাকা, আরও বড় (দেড় কেজির ওপর) ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বাঁশবাড়িয়ার জেলে হীরালাল দাশ প্রথম আলোকে বলেন, প্রচুর ইলিশ ধরা পড়ছে। চাহিদাও বেশি আছে। কিন্তু বরফের দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ কমে যাচ্ছে। তবুও তিনি খুশি বলে জানান। তবে ভিন্ন কথা বললেন কুমিরা এলাকার জেলে চিত্তরঞ্জন দাশ। মাছ বেশি পড়লেও পাইকারদের কাছ থেকে ভালো দাম পাচ্ছেন না, অভিযোগ চিত্তরঞ্জনের।
কুমিরা ঘাট এলাকায় কথা হয় পাইকার নুরুল আমিন সওদাগরের সঙ্গে। তিনি বলেন, মাছের দাম তুলনামূলক কম হলেও এবার তেমন লাভ হচ্ছে না। আগে প্রতিখণ্ড বরফ বিক্রি হতো ২২০ টাকার কমে। সেটি এখন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। বরফের সংকটের কথা বলে উৎপাদনকারীরা দাম বাড়িয়ে দিয়েছে। একই কথা জানান পাইকার শফিউল আলম। পাইকারেরা জানান, তারা ইলিশ বরফ দিয়ে ঝুড়িতে সংরক্ষণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান। কিন্তু বরফ ও লবণের দাম বেড়ে গেলে কিংবা সংকট দেখা দিলে তারা ইলিশ কেনা কমিয়ে দেন। এতে করে বিপাকে পড়েন জেলেরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, বরফ কলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা তাঁর দপ্তরের নেই। দামের ক্ষেত্রে অস্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রয়োজন হলে বরফ কলের মালিকদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, বরফের দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলবেন। প্রয়োজনে বরফ কলের মালিকদের ডাকবেন তিনি। কোনো বরফ কলমালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা তদন্ত করে, তার লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।