সীতাকুণ্ডে ফলবাগানের বিরোধ নিয়ে বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার গজারিয়া পুকুরপাড় এলাকায় একটি ফলবাগানের দখল নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধ খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত অলি আহম্মদ ওরফে বলি মেম্বার (৬০) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, গজারিয়া পুকুরপাড়-সংলগ্ন পাহাড়ে একটি পেয়ারাবাগানের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বলি মেম্বারের সঙ্গে অশোক চক্রবর্তী ওরফে বরুণের বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে এ নিয়ে তাঁরা সালিস বৈঠকে বসেন। বৈঠকে বিরতি চলাকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বরুণ কাঠ দিয়ে বলি মেম্বারকে পেটান। এতে তিনি মারাত্মক জখম হন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বলি মেম্বারকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার: এদিকে গতকাল শুক্রবার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডু এলাকার পাহাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপপরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, ‘সপ্তাহ খানেক আগে ওই ব্যক্তি মারা গেছেন বলে মনে হচ্ছে। শরীরে পচন ধরে ফুলে গেছে।’