সীতাকুণ্ডে বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা দিতে না পারায় অনেক ছাত্রকে নতুন বই দেওয়া হয়নি। কয়েকজন অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে কেশবপুর এলাকায় গিয়ে এর সত্যতাও পাওয়া যায়।
অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের বাইরে বিভিন্ন জেলা থেকে নিতান্ত গরিব লোকজন এসে বসবাস করেন। ভাড়াটেদের উপার্জনক্ষম ব্যক্তিরা বিভিন্ন জাহাজ ভাঙা কারখানায় দৈনিক ভিত্তিতে কাজ করে সংসারের ব্যয় বহন করেন। এ ধরনের মানুষের সন্তানেরা ওই বিদ্যালয়টিতে পড়ে। অভিযোগ পাওয়া গেছে, চলতি বছরের বই উৎসবে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০-১৫০ টাকা হারে নতুন বই বাবদ নেন শিক্ষকেরা। যেসব শিক্ষার্থী টাকা দিতে পারেনি তাদের বই দেওয়া হয়নি। টাকা নেওয়ার ব্যাপারে অভিভাবকদের চ্যালেঞ্জের মুখে পড়লে শিক্ষকেরা ওই টাকা পুনঃ ভর্তি বাবদ নেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের শিখিয়ে দেন।
খাদিজা বেগম নামে এক অভিভাবক বলেন, ‘আমরা অন্য জেলা থেকে এখানে এসে বসবাস করছি। একজনের দৈনিক ৩০০ টাকা আয়ে পাঁচজনের সংসার চলে। তার মধ্যে এক মেয়ে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে ওঠে। বই নিতে গেলে শিক্ষকেরা ১৫০ টাকা দাবি করে। দিতে না পারায় বই দেয়নি।’
অপর অভিভাবক শহীদুল ইসলাম বলেন, তাঁর দুই মেয়ে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণিতে পড়ে। তাঁর কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হয়েছে।
কেশবপুর এলাকায় কথা হয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইছহাক হোসেন, নিজাম উদ্দিন, মো. হাসান ও তৃতীয় শ্রেণির কামরুন নাহার, চতুর্থ শ্রেণির রবিউল হোসেনের সঙ্গে। তারা প্রথম আলোকে বলে, দ্বিতীয় শ্রেণিতে ভর্তি ফি ১০০ টাকা ও বইয়ের জন্য ১০০ টাকাসহ মোট ২০০ টাকা, বাকি সব শ্রেণিতে ১৫০ টাকা হারে নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামছুন নাহারের মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দেওয়া হলে তিনি কথা বুঝতে পারছেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আবার ফোন দেওয়া হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হালিম চৌধুরী বলেন, বিদ্যালয়ে মাত্র ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। কয়েকজন অভিভাবক তাঁর কাছে অভিযোগ করতে এলে তিনি চা-নাশতার জন্য কিছু টাকা হলেও দিতে বলেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা প্রথম আলোকে বলেন, ভর্তি কিংবা বই বিতরণের জন্য টাকা নেওয়া অপরাধ। অভিভাবকদের থেকে তিনিও অভিযোগ পেয়েছেন। পরে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। তিনি তদন্তও করেছেন, কিন্তু প্রতিবেদন এখনো জমা দেননি। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।