সীতাকুণ্ডে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের বারৈপাড়া এলাকায় ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সীতাকুণ্ড রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহের উদ্দেশে সীতাকুণ্ড স্টেশন ছাড়ে ট্রেনটি। পরে বারৈয়াঢালা এলাকায় পৌঁছালে ট্রেনটির সামনের দিক থেকে ৪ নম্বর বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার মতিলাল বড়ুয়া জানান, দুর্ঘটনাকবলিত বগিতে মালামাল পরিবহন করা হতো। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ক্ষতিগ্রস্ত বগির পেছনের বগিগুলো সীতাকুণ্ড স্টেশনে আনা হয়েছে। সামনের বগিগুলো বড়তাকিয়া স্টেশনের দিকে নেওয়া হবে। পরে রাত সোয়া নয়টার দিকে তিনি জানান, উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।