সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় আজ বুধবার ভোরে বাস উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় আজ বুধবার ভোরে বাস উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জুলফিকার আলী (৬২) ও অজ্ঞাত একজন।

আহত ব্যক্তিদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত যাত্রী তানভীর আহমেদ ও নাহিদ হোসেনের ভাষ্য, শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। যাত্রাপথে চালক ঝিমুচ্ছিলেন। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়কবিভাজকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। চালক বাস থেকে বেরিয়ে পালিয়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অন্তত ১০ যাত্রীকে উদ্ধার করে। তাঁদের মধ্যে সাতজন আহত হয়েছেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, বাসের ভেতরে আটকে পড়া তিন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁরা সামান্য আহত হয়েছেন। এ ছাড়া দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাসচালকের ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এই দুর্ঘটনার মাত্র ১২ ঘণ্টা আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একই ইউনিয়নের মগপুকুর এলাকায় একটি বাস উল্টে ১৪ জন আহত হন।