সীতাকুণ্ডে বাস খাদে, একজন নিহত, আহত ১০
সীতাকুণ্ডের ছোট দারোগাহাট এলাকায় বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে বৃদ্ধ, শিশুসহ আহত হয়েছেন আরও ১০ যাত্রী। নিহত যাত্রীর নাম মো. মাসুদ (২০)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাচুয়া গ্রামের মো. মফিজের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন সাখাওয়াত হোসেন (৩৫), মো. শহীদুল্লাহ (৫০), বেলায়েত হোসেন (১৭), মো. বেলাল (৬০), নুরুল হক (৭০), আবদুল বাকের (৩০), আবদুল্লাহ আল মাসুদ (৩৬), শাহাব উদ্দীন (৭), অজ্ঞাতনামা ব্যক্তি (৩০) ও অজ্ঞাতনামা ব্যক্তি (৩৫)। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট এলাকায় ঢাকামুখী রেসালাহ পরিবহনের একটি বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, বাসটি চট্টগ্রাম নগরের অলংকার মোড় থেকে ছেড়ে নোয়াখালীর সেনবাগ যাচ্ছিল। ছোট দারোগাহাট বাজারের কাছে এসে দুর্ঘটনার স্বীকার হয়। এতে ৫০ জন যাত্রী ছিল। গাড়িটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুর উদ্দীন রাশেদ জানান, সকালে দুর্ঘটনায় আহত আটজন রোগী আনার পর তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।