সীতাকুণ্ডে বাসচাপায় ছাত্র নিহত, গাড়ি ভাঙচুর-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডে গতকাল মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীদের একাংশ ষ ছবি: প্রথম আলো
সীতাকুণ্ডে গতকাল মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীদের একাংশ ষ ছবি: প্রথম আলো

সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের চাপায় নুরুন্নবী রুবেল (২২) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এক ছাত্র নিহত হয়েছেন। এর প্রতিবাদে পাঁচটি গাড়িতে আগুন ও অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছেন ওই এলাকার লোকজন ও তাঁর সহপাঠীরা।
এদিকে, গাড়িতে আগুন ও ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার আট ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে আন্তজেলা বাস মালিক সমিতি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সোয়া নয়টার দিকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাত-আটজন ছাত্র সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাঁরা চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামাতে চাইলে চালক না থামিয়ে নুরুন্নবীর ওপর তুলে দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাটের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আইয়ুব খানের ছেলে নুরুন্নবী ছিলেন বিবিএ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।
এ খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এলাকাবাসী ও স্থানীয় সহপাঠীরা সীতাকুণ্ডের সিরাজ ভুঁইয়ার রাস্তার মাথা, ইকোপার্ক এলাকা ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিনটি স্টারলাইন বাস, একটি ট্রাক ও অপর একটি বাসে আগুন এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন। বেলা দুইটা পর্যন্ত অবরোধ চলে। বেলা দেড়টায় উপজেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ছাত্ররা ওই বাসচালকের বিচার, নিহত ব্যক্তির পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা ও সীতাকুণ্ড থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস সার্ভিসের দাবি জানান। পরে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেন।
এদিকে, কথায় কথায় গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের প্রতিবাদে আজ ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আট ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে আন্তজেলা বাস মালিক সমিতি। দুপুরে চট্টগ্রাম নগরের বিআরটিসি ভবনের কার্যালয়ে বৈঠকে সমিতি এই সিদ্ধান্ত নেয়। ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রাম থেকে আন্তজেলার ৬০টি পথে এবং অভ্যন্তরীণ ৫৭টি পথের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।