সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ছাত্র আহত
চট্টগ্রামের সীতাকুণ্ড সদর বাইপাস এলাকায় গতকাল মঙ্গলবার বাসের ধাক্কায় এক কলেজছাত্র আহত হয়েছে। এ ঘটনায় তার সহপাঠীরা অন্তত তিনটি বাস ভাঙচুর করে। এ ছাড়া কিছু সময়ের জন্য তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
আহত ওই ছাত্রের নাম আল আমিন। সে উপজেলার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাড়ি উপজেলার উত্তর ভাটেরিখল গ্রামে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাহমুদুল ইসলাম নামের একজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, আল আমিন সদর বাইপাসের বাসস্ট্যান্ড এলাকায় তার এক সহাপাঠীকে মিরসরাই যেতে বাসে তুলে দিতে যায়। এ জন্য দূরপাল্লার বাস থামানোর চেষ্টা করে। বেলা দুইটার দিকে সে স্টারলাইন পরিবহনের একটি বাস থামানোর চেষ্টা করে। কিন্তু বাসটি না থামিয়ে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। এ খবর পেয়ে তার সহপাঠীরা ওই এলাকায় মহাসড়ক অবরোধ করে। তারা বাইপাস ও ইকোপার্ক গেট এলাকায় স্টারলাইন পরিবহনের তিনটি বাস ভাঙচুর করে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ১৫-২০ মিনিট মহাসড়কটি অবরোধ করে রাখে। পরে তাদের সরিয়ে দেওয়া হয়।
এসআই কামাল উদ্দিন বলেন, এ ঘটনায় স্টারলাইন পরিবহনের মালিক পক্ষের লোকজনকে আলোচনার জন্য সীতাকুণ্ড থানায় আসতে বলা হয়েছে। আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।