সীতাকুণ্ডে বিএনপি জামায়াতের সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় গতকাল সকালে চাকা পাংচার করে গাড়ি এলোপাতাড়ি রেখে রাস্তা অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে রাস্তার দুই দিকে কয়েক শ গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। ছবিটি সীতাকুণ্ড পৌর সদর এলাকা থেকে তোলা ষ প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় গতকাল সকালে চাকা পাংচার করে গাড়ি এলোপাতাড়ি রেখে রাস্তা অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে রাস্তার দুই দিকে কয়েক শ গাড়ি আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। ছবিটি সীতাকুণ্ড পৌর সদর এলাকা থেকে তোলা ষ প্রথম আলো

বিএনপি-জামায়াতের ১৯ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের প্রায় আড়াই কিলোমিটার এলাকা অবরোধ করেন ১৮দলীয় জোটের নেতা-কর্মীরা।
সকাল ১০টা থেকে পৌর সদরের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় ছয়টি গাড়ি ভাঙচুর ও চাকা পাংচার করে সেগুলো এলোপাতাড়ি রেখে সড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকা ছাড়িয়ে আমিরাবাদ, ইকোপার্ক গেট, পৌর সদরের দক্ষিণ বাইপাস, হাসান গোমস্তা মসজিদ এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে তিনজন পিকেটার ও পুলিশের দুজন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি মোতায়েনের পর দুপুর পৌনে একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।  পুলিশ ও স্থানীয় ১৮-দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার মুরাদপুরের দক্ষিণ রহমতনগর, পৌর সদর ও সৈয়দপুরের কেদারখীল এলাকায় অভিযান চালিয়ে অন্তত ২৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় দৈনিক নয়া দিগন্ত-এর স্থানীয় প্রতিনিধি নজরুল ইসলামকেও আটক করে থানায় নেওয়া হয়। পরে তাঁকেসহ চারজনকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১৯ জনকে গতকাল সকালে  আদালতে পাঠানো হয়।

স্থানীয় ১৮ দলের দাবি, আটকের সময় ওই সব সদস্যের ঘরের আসবাবপত্র তছনছ করেছে পুলিশ। এরই প্রতিবাদে সকালে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস বলেন, ভাঙচুর করা গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। অভিযানে বাড়ির আসবাবপত্র তছনছ করার বিষয়টি তিনি অস্বীকার করেন।