সীতাকুণ্ডে বিএনপি-জামায়াত ও পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ৩০টি গাড়ি ভাঙচুর ও ১২টি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। আহত লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বিকেলে পৌর এলাকায় এই সংঘর্ষের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা-উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে আজ বিকেল পাঁচটার দিকে সীতাকুণ্ডের পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীরা। মিছিল শেষে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিএনপি-জামায়াতের কর্মীরা তাদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। পুলিশও টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫ জন। রাস্তায় উভয় পাশে আটকে থাকা ৩০টি গাড়ি ভাঙচুর করে এবং ১২টি গাড়িতে আগুন দেন বিএনপি-জামায়াতের কর্মীরা। এ সময় রাস্তায় আটকে থাকা প্রায় ৫০টি গাড়ির চাকা পাংচার করেন বিএনপি-জামায়াতের কর্মী ও সমর্থকেরা।এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।গাড়ি সরানোর চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক সাহেদা আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিত্সা চলছে।
সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সৈয়দ ইকবাল আলী বলেন, পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক।