সীতাকুণ্ডে বিএনপির দুই ভাইসহ তিনজনের মনোনয়ন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর এক অংশ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আসলাম চৌধুরী ও তাঁর ভাই ইসহাক চৌধুরী। আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, আর ইসহাক চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি। এদিকে এ আসনে বিএনপির আরও মনোনয়ন পেয়েছেন সাবেক পুলিশ প্রধান (আইজিপি) এ ওয়াই বি আই সিদ্দিকী।
আসলাম চৌধুরী কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক, রাষ্ট্রদ্রোহ, ঋণ খেলাপিসহ ৬২টি মামলা আছে বলে উপজেলা বিএনপি জানিয়েছে। তাঁর মনোনয়ন বাতিল হলে বিকল্প হিসাবে তাঁর ভাই ইসহাক চৌধুরী নির্বাচন করবেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরী সীতাকুণ্ডে অত্যন্ত জনপ্রিয়। কারাবন্দী হওয়ার পর তাঁর জনপ্রিয়তা বেড়েছে। তিনিই দলের একমাত্র প্রার্থী। আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল হতে পারে এমন আশঙ্কায় ইসহাক চৌধুরীকে দলীয় চিঠি দেওয়া হয়েছে। তবে আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকীর মনোনয়নের বিষয়ে জহিরুল আলম কিছু জানেন না। এ ওয়াই বি আই সিদ্দিকী প্রথম আলোকে জানিয়েছেন, তিনি মনোনয়ন পেয়েছেন ।
এই আসনে ২০০৮ সালের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আসলাম চৌধুরী (বিএনপি) ও এবিএম আবুল কাসেম মাস্টারের (আওয়ামী লীগ) সঙ্গে। আসলাম চৌধুরী ভোট পেয়েছিলেন ১ লাখ ১২ হাজার ৬৫১ ভোট। তাঁর চেয়ে ২২ হাজার ৮৩৮ ভোট বেশি পেয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী।
ইসহাক চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে তিনিও মনোনয়ন নিয়েছিলেন। তখন দল থেকে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় তিনি ভাইকে সমর্থন দিয়েছিলেন।