সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের টোব্যাকো গেট এলাকায় লাভলী স্টোর নামের একটি দোকানের চালে বিদ্যুতায়িত হয়ে এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. জুয়েল (২৫)।

খবর পেয়ে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু কুমার মজুমদার লাশটি উদ্ধার করেন। তিনি লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

পুলিশের ধারণা, চুরি করতে গিয়ে জুয়েল নিহত হয়েছেন। তাঁর কাছ থেকে টিন কাটার কাঁচি, ছুরি, মানিব্যাগ ও মুঠোফোন পাওয়া গেছে।

নিহত জুয়েল ভাটিয়ারি ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত ইউছুফের ছেলে।

লাভলী স্টোরের মালিক তানভীর আলম বলেন, সকালে দোকান খোলেন তিনি। দোকানের ভেতরে ঢুকে টিন কাটা দেখতে পান। সেখানে একজনের লাশ দেখেন। বিষয়টি ইউনিয়ন পরিষদ সদস্যকে জানানোর পর পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

এসআই টিবলু কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, জুয়েল বানুরবাজারের সীমা অটো-রিরোলিং মিলসে চাকরি করতেন বলে জেনেছেন। গত রাতে তিনি চুরির উদ্দেশ্যে চালের টিন কাটার সময় অসাবধানতায় বিদ্যুতের তারও কেটে ফেলেন। ফলে, চাল বিদ্যুতায়িত হয়ে পড়ে।