সীতাকুণ্ডে বিশেষ টিকা কর্মসূচি আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় হামে আক্রান্ত হয়ে ১০ শিশু মারা যাওয়ার পর আজ শনিবার থেকে আক্রান্ত এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

সীতাকুণ্ডের সোনাইছড়ি, কুমিরা ও সদর ইউনিয়নের ৪৬ হাজার ১৪৫ শিশুকে টিকা দেওয়া হবে। আগামী ১৫ দিন এই কার্যক্রম চলবে। পাঁচ থেকে পনেরো বছর বয়সীরা টিকা পাবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। 

এদিকে মধ্যম সোনাইছড়ির পাহাড়ে থাকা ত্রিপুরাপাড়া থেকে নতুন করে আরও ১০ শিশুকে গতকাল শুক্রবার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ভর্তি করা হয়।

বিআইটিআইডির সহকারী অধ্যাপক মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ত্রিপুরাপাড়া থেকে আনা ১০ শিশুর মধ্যে নয়জন হামে আক্রান্ত হয়ে থাকতে পারে। তবে পাঁচ মাস বয়সী হৃদয় ত্রিপুরা নামের এক শিশু হামে আক্রান্ত বলে মনে হয়নি। তবে তার প্রচণ্ড জ্বর রয়েছে। হৃদয়সহ তিন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়ায় হামে এ পর্যন্ত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১২ জুলাইয়ের মধ্যে নয় শিশু মারা যায়। ২৪ জুলাই মারা যায় আরও এক শিশু। 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এস এম নুরুল করিম প্রথম আলোকে বলেন, শুক্রবার ভর্তি হওয়া শিশুদের মধ্যে তিনজন (আগে অসুস্থ হওয়া) সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। এখন আবার জ্বর আসায় অভিভাবকেরা নিজেরাই উদ্যোগী হয়ে ভর্তি করাচ্ছেন। এটা ইতিবাচক দিক।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, শুক্রবার (গতকাল) পর্যন্ত চমেক হাসপাতাল ও বিআইটিআইডিতে চিকিৎসাধীন রয়েছে ১৯ ত্রিপুরা শিশু।