সীতাকুণ্ডে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে আজ শনিবার সকাল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এটি বিশেষ হাম-রুবেলা টিকা কার্যক্রম।

সোনাইছড়ির ত্রিপুরাপাড়া এলাকায় হামে আক্রান্ত হয়ে সম্প্রতি ১০টি শিশু মারা যায়।
ত্রিপুরাপাড়া আছে এমন তিনটি ইউনিয়ন সীতাকুণ্ড পৌরসভা, কুমিরা, সোনাইছড়ি ইউনিয়নের ৫ মাস থেকে ১৫ বছর বয়সীদের এ টিকা দেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিলসের ভেতর সবুজ শিক্ষায়ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, চারজন টিকাকর্মী শিক্ষার্থীদের টিকা দিচ্ছেন। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন মজুমদার প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে দুই হাজার শিক্ষার্থী রয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে শিশু শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে টিকা কার্যক্রম শুরু হয়। নবম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এস এম নুরুল করিম প্রথম আলোকে বলেন, প্রথম দিন তিনটি ত্রিপুরাপাড়াসহ ৩ ইউনিয়নের ১৫টি কেন্দ্রে অন্তত ১২ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। ওই ৩ ইউনিয়নে টিকা দেওয়া হবে ৪৬ হাজার ১৪৫টি শিশুকে।
নুরুল করিম বলেন, মধ্য সোনাইছড়ির ১২৩ জন শিশুর মধ্যে ৮৪ জনকে এবং দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার ৯০ শিশুর মধ্যে ৪৪ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।
আজ শনিবার মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়া থেকে চিরঞ্জীব ত্রিপুরার মেয়ে কবিতা ত্রিপুরাকে (২) বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী অধ্যাপক মামুনুর রশীদ।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, শনিবার একটি শিশু ভর্তি হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিআইটিআইডিতে চিকিৎসাধীন শিশুসংখ্যা ১৭-তে দাঁড়িয়েছে।