সীতাকুণ্ডে বেড়েছে সন্ত্রাসী হামলা
সীতাকুণ্ডে সম্প্রতি সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে। গত এক সপ্তাহে পাঁচটি হামলার মধ্যে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে তিনটি এবং পেটানোর ঘটনা ঘটেছে দুটি। এতে আহত হয়েছে অন্তত ছয়জন।
পাঁচটি ঘটনার মধ্যে দুটির মামলা হলেও পুলিশ এখনো তদন্তই শুরু করেনি। এদিকে এ ধরনের হামলার ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন মনে করছেন, আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কারণে এ ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের মো. মিজানের ছেলে মো. জাবেদ (১৮) ও ধর্মপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আবদুস সবুর খানের (৩৩) ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এতে দুজনই আহত হন। ১৬ অক্টোবর গাঁজা বিক্রি নিয়ে কুমিরার মাজার গেট এলাকার মোহামঞ্চদপুর গ্রামের বৃদ্ধ মো. আবচারকে (৪৫) কুপিয়ে জখম করে কয়েকজন সন্ত্রাসী। সীতাকুণ্ড থানায় ঘটনা দুটির মামলা করা হলেও তদন্ত শুরু করেনি পুলিশ।
এর আগে ১০ অক্টোবর রাতে বড়দারোগারহাট বাজারে সন্ত্রাসীরা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা (২৩) বেধড়ক পেটায় ও ১২ অক্টোবর রাতে শিবিরের কর্মী মো. হাসানকে (১৫) পায়ের রগ কেটে দেয়। ১৩ অক্টোবর রাতে পৌর সদরে রেলস্টেশন এলাকায় রিপন শীল (২০) নামের এক যুবককে কুপিয়ে আহত করে মুখোশধারী সন্ত্রাসীরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান সব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।