সীতাকুণ্ডে বোমা তৈরি করতে গিয়ে শিবির কর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুব নগরের পাহাড়ের ধারে বোমা বানাতে গিয়ে মো. রাসেল (২৬) নামে শিবিরের একজন কর্মী নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও দুজন। শিবিরের আহত কর্মীদের নাম নরুউদ্দীন (২৫) ও মো. আনিছুর রহমান (২০)। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড সার্কেল পুলিশ সুপার সালাউদ্দীন সিকদার প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার বিকেলে সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুব নগর পাহাড়ের কাছে এক দুর্গম এলাকায় বোমা বানাচ্ছিলেন শিবিরের তিন কর্মী। সন্ধ্যায় বোমা বিস্ফোরণ ঘটলে তিনজনই আহত হন। পরে রাত ১০টার দিকে রাসেল মারা যান। আহত অপর দুজনকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানাতে পারেনি।