সীতাকুণ্ডে বোমায় দগ্ধ ট্রাকচালক ও সহযোগীর অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডে পেট্রলবোমা হামলায় ঝলসে গেছে ট্রাকচালকের সহকারী সাইফুল ইসলামের শরীর। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি  প্রথম আলো
সীতাকুণ্ডে পেট্রলবোমা হামলায় ঝলসে গেছে ট্রাকচালকের সহকারী সাইফুল ইসলামের শরীর। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা ছবি প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বাজারে গতকাল মঙ্গলবার ভোরে অবরোধকারীদের পেট্রলবোমায় দগ্ধ গরুবাহী ট্রাকের চালক আবু মিয়া (৪১) ও তাঁর সহযোগী (হেলপার) সাইফুল ইসলাম বিল্টুর (৩০) অবস্থা আশঙ্কাজনক। চালক আবু মিয়ার মুখ, হাত ও পাসহ শরীরের ১১ ভাগ এবং সহযোগী বিল্টুর ৪৩ ভাগ পুড়ে যায়। আবু মিয়া মানিকগঞ্জ সদরের চর বারাদিয়া গ্রামের প্রয়াত আবদুল আজিজের ছেলে। একই এলাকার কৃষ্ণদিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে বিলটু।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে চারটায় ফৌজদারহাট বাজারে গরুবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে সাতটি গরু জীবন্ত দগ্ধ হয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে আসবাবপত্রের দোকানের ওপর গিয়ে পড়ে। ট্রাকের আগুনে আসবাবের কয়েকটি দোকান ও বসতঘর পুড়ে যায়। ট্রাকের আহত চালক ও তাঁর সহযোগীকে অন্য ট্রাকের চালকেরা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ফেলে যায়। পুলিশ তাঁদের উদ্ধার করে কুমিল্লা নগরের লাকসাম সড়কের একটি হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে সকাল ১০টায় আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা একটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চালক আবু মিয়ার সঙ্গে কথা বললে তিনি কেবল তাঁর ও সহযোগীর নাম ও ঠিকানা বলতে পেরেছেন। এরপর আর কোনো কথা বলতে পারেননি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সক ও সহকারী রেজিস্ট্রার রেজাউর রশিদ বলেন, ‘চালকের  শরীরের ১১ ভাগ ও সহযোগীর শরীরের ৪৩ ভাগ পুড়ে গেছে। এর মধ্যে চালকের মুখের বাঁ দিক, বাঁ উরু ও হাত-পা পুড়ে গেছে। আর সহযোগীর কোমর থেকে পা পর্যন্ত পুড়ে যায়। তাঁদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সহযোগীর অবস্থা আশঙ্কাজনক।’