সীতাকুণ্ডে ভাটিয়ারী ‘চ্যাপ্টার’ বাতিলের দাবিতে অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীকে ‘চ্যাপ্টার’ (সেনানিয়ন্ত্রিত এলাকা) ঘোষণার প্রতিবাদে এবং ওই ঘোষণা বাতিলের দাবিতে গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। প্রায় দেড় ঘণ্টা ভাটিয়ারী এলাকায় এই অবরোধ চলে। এতে মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর আগে প্রতিবাদকারীরা স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেমের বাড়ি ঘেরাও করে।স্থানীয় সূত্র জানায়, ভাটিয়ারী চ্যাপ্টার প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শত শত নারী-পুরুষ মহাসড়কে মিছিল করে। একপর্যায়ে তারা পাক্কা রাস্তার মাথায় স্থানীয় সাংসদের বাড়ি ঘেরাও করে স্মারকলিপি দেয়। বিক্ষোভকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করে।সমাবেশে বক্তারা ভাটিয়ারীকে সেনানিয়ন্ত্রিত এলাকা হিসেবে সেনাবাহিনীর ঘোষণা বাতিলের দাবি জানান। তাঁরা বলেন, অবিলম্বে এই চ্যাপ্টার এলাকার সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।সমাবেশে বক্তব্য দেন ভাটিয়ারী ইউপির চেয়ারম্যান নুরুল আনোয়ার, স্থানীয় বাসিন্দা মো. ইসহাক, কামাল উদ্দিন সওদাগর, কাজী শওকত ইকবাল, মশিউর রহমান খান, দেলোয়ারা বেগম, ফিরোজ আলম প্রমুখ। পরে সাংসদ আবুল কাশেম তাঁদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশের পর বিক্ষুব্ধ নারী-পুরুষ ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা চ্যাপ্টার এলাকা বাতিলের দাবিতে স্লোগান দেয়। অবরোধের কারণে মহাসড়কের দুই দিকে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়। পরে বেলা পৌনে একটার দিকে সীতাকুণ্ড থানা ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। একটার দিকে যান চলাচল আবার শুরু হয়।