সীতাকুণ্ডে ভাসমান কনটেইনার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগর থেকে কনটেইনারটি উদ্ধার করেছেন জেলেরা। ছবি: কৃষ্ণ চন্দ্র
বঙ্গোপসাগর থেকে কনটেইনারটি উদ্ধার করেছেন জেলেরা। ছবি: কৃষ্ণ চন্দ্র

বঙ্গোপসাগরে ভাসতে থাকা পোশাকবাহী (গার্মেন্টস পণ্য) একটি কনটেইনার উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জেলেরা। পাঁচটি ইঞ্জিনচালিত ছোট নৌকা দিয়ে টেনে আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কনটেইনারটি উপকূলে আনেন তাঁরা। পরে সীতাকুণ্ড থানা-পুলিশ এর নিয়ন্ত্রণ নিয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ইঞ্জিনচালিত দুটি নৌকা (লালবোট) দিয়ে কনটেইনারটি বেড়িবাঁধের স্লুইসগেটের কাছে টেনে আনা হয়। এ সময় উৎসুক জনতা বেড়িবাঁধে ভিড় করতে থাকে। কনটেইনারে থাকা একটি ছিদ্র দিয়ে ছোট নোঙর ঢুকিয়ে দুটি প্যান্ট বের করা হয়। সেগুলো পুলিশকে দেওয়া হয়।
উদ্ধারকারী জেলে ভুট্টো জলদাস ও তাঁর ভাই খোকন জলদাস প্রথম আলোকে বলেন, তাঁরা দুই ভাই কুমিরা থেকে অন্তত ৩৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম নগরের পতেঙ্গা বরাবর বাইরে বঙ্গোপসাগরের মোহনায় বসানো জাল থেকে মাছ তুলছিলেন। এ সময় ভাটার টানে কনটেইনারটি দক্ষিণ দিকে (বঙ্গোপসাগরের দিকে) ভেসে যাচ্ছিল। কনটেইনারটি দেখতে পেয়ে তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) জসিম উদ্দিনকে জানান। পাশাপাশি আত্মীয়স্বজনকে জানান। পরে উপকূল থেকে আরও চারটি ইঞ্জিনচালিত লালবোট (ছোট নৌকা) গিয়ে কনটেইনারটি বেঁধে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপকূলে নিয়ে আসতে সক্ষম হন। তাতে তাঁদের তেল খরচ বাবদ ১০ হাজার টাকা খরচ হয়েছে।
মেম্বার জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, জেলেদের থেকে খবর পেয়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে উপকূলে টেনে আনার অনুমতি নিয়ে নৌকা দিয়ে সেটিকে টেনে আনার নির্দেশ দেন।
সেখানে উপস্থিত সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, তিনি ধারণা করছেন, কনটেইনারটি বিদেশগামী কোনো জাহাজ থেকে পড়ে গেছে। সেখানে রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য রয়েছে। পোশাকের মালিকপক্ষকে খোঁজা হচ্ছে। মালিকপক্ষ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত কনটেইনারটি গ্রাম পুলিশের নিয়ন্ত্রণে থাকবে।