জাহাজভাঙা ইয়ার্ডের জন্য ১২৫ একর সবুজ বেষ্টনী উজাড় করার পর বঙ্গোপসাগরের সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপকূল রক্ষা বাঁধ ভেঙে যাচ্ছে। বাঁধ ভাঙার কারণে সোনাইছড়ি, ঘোড়ামারা জেলেপাড়াসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় প্রতি ভরা জোয়ারে। সবুজ বেষ্টনী উজাড়ের পর আবার বনায়নের জন্য আদালতের নির্দেশ থাকলেও তা বাস্তবায়িত হয়নি।জানা গেছে, সোনাইছড়ির চরে ১৯৮৯ সালের পর বন বিভাগ ১২৫ একর কেওড়াগাছ লাগায়। ২০০৮ সালের নভেম্বর থেকে বেড়িবাঁধের ভেতরের এ উপকূলীয় সবুজ বেষ্টনীর এলাকায় সমুদ্র ব্যবহারের জন্য বিভিন্ন ইয়ার্ডকে ইজারা দিয়ে আসছে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস। এর পর থেকে শুরু হয় গাছ কেটে ইয়ার্ড নির্মাণ। এ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সবচেয়ে বেশি গাছ কাটা হয়।ঘোড়ামারা জেলেপাড়ার বাসিন্দা নির্মল দাশ বলেন, ‘বছর দুয়েক আগেও এখানে অনেক গাছ ছিল। তখন বাঁধ ভাঙেনি। এখন বাঁধ ভেঙে জোয়ারের সময় আমাদের বাড়ি ঘরে পানি ওঠে।’সরেজমিন দেখা যায়, সোনাইছড়ি উপকূলে এখন মাত্র ১০টি গাছ দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে এগুলোও কাটা পড়বে। বেড়িবাঁধের একাংশ পাথরসহ তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড পাথর দিয়েও ভাঙন ঠেকাতে পারেনি। জানা গেছে, সোনাইছড়িতে গাছ কেটে ইয়ার্ড নির্মাণের অভিযোগে স্থানীয় সাংসদ আবুল কাশেমের ছেলে এস এম আল মামুনসহ বিভিন্ন প্রভাবশালীর বিরুদ্ধে বিভিন্ন সময় মামলাও করে বন বিভাগ। তবু গাছ রক্ষা করা যায়নি। ফলে বাঁধটি ভেঙে যাচ্ছে বলে স্থানীয় লোকজনের অভিমত। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, ‘সোনাইছড়িসহ বিভিন্ন এলাকায় বাঁধ ভাঙছে। আগে গাছ ছিল বলে জোয়ারের পানি সরাসরি ধাক্কা দিতে পারত না। এখন জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে পানি ঢুকছে। আমরা মেরামত করার চেষ্টা করছি।’বন বিভাগের মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ জানুয়ারি উপজেলা নির্বাচনের দিন রাতে সাংসদপুত্র মামুন ও অন্যরা ইয়ার্ড তৈরির জন্য এখানকার হাজার হাজার গাছ কেটে ফেলে। তারও আগে ২০০৮ সালের ২১ নভেম্বর সোনাইছড়ির ১২৫ একর বনভূমির ওপর প্রথম আঁচড় পড়ে। এ সময় মো. আলাউদ্দিনসহ কয়েকজন ব্যবসায়ী গাছ কেটে গড়ে তোলেন ছয়টি শিপব্রেকিং ইয়ার্ড।চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার যে কাজ চলছে তাতে আমাদের ওই এলাকা রাখা হয়নি। তার পরও ওই বেড়িবাঁধ এলাকাকে আমরা চেষ্টা করে যাচ্ছি রিজার্ভ ফরেস্ট হিসেবে অন্তর্ভুক্তির। গাছ না থাকার কারণে বাঁধটি ভেঙে যাচ্ছে।’