সীতাকুণ্ডে ভেজাল গুঁড়া দুধ জব্দ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার গুদাম থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ২৫০ মণেরও বেশি ভেজাল ও মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানার ব্যবস্থাপক রেজাউল করিম ও হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল মজিদকে আটক করা হয়। এগুলো বাজার থেকে ফেরত আসা গুঁড়া দুধ বলে দাবি করেছেন তাঁরা।

সহকারী পুলিশ সুপার সৈয়দ ইকবাল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড সদরের বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামের সান ডেইরি অ্যান্ড এগ্রো প্রোডাক্টস লি. নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় গুদামে চাপাতা, চাল ইত্যাদির আড়ালে লুকিয়ে রাখ চার শতাধিক বস্তা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল গুঁড়া দুধ পাওয়া যায়। প্রতি বস্তার ওজন ২৫ কেজি। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বস্তা গণনা চলছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বস্তাভর্তি ভেজাল ও মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধ জব্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, বিদেশ থেকে আমদানি করা পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ অবশ্যই লেখা থাকে। কিন্তু জব্দ করা গুঁড়া দুধের বস্তায় কোনো তারিখ উল্লেখ নেই। এ ছাড়া কোন ব্র্যান্ডের দুধ, তা-ও লেখা নেই। বেশ কয়েকটি বস্তার দুধে পোকামাকড়ও দেখা গেছে। বাজারজাত করার জন্য যেগুলো প্রস্তুত করা হয়েছিল, সেগুলোর প্যাকেটে টুডে ব্র্যান্ড ছাপ দেওয়া ছিল। কারখানায় ভেজাল পণ্য তৈরির বেশ কিছু যন্ত্রপাতিও পাওয়া গেছে।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম উদ্দীন বলেন, ‘আমার এলাকায় গুঁড়া দুধের কারখানা আছে জানি। তবে কখনো ভেতরে না ঢোকায় এখানে কী হচ্ছে জানা ছিল না।’

আটককৃত রেজাউল বলেন, ‘মেয়াদোত্তীর্ণ কোনো গুঁড়া দুধ আমরা বাজারজাত করি না। এগুলো বাজার থেকে ফেরত আসা দুধ। পানিতে ভাসিয়ে ধ্বংস করে ফেলা হতো।’