সীতাকুণ্ডে ভোটকেন্দ্রে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের আলম সফি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে ওই কেন্দ্রের নির্মাণাধীন ভবনে বুথ স্থাপনের জন্য আসবাব ভাঙচুর করে প্রতিষ্ঠানটির মাঠে নিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা ভীতি সৃষ্টি করতে জাহাজের সাংকেতিক লাইট নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে যোগ দেয়। পরে র‌্যাব ও বিজিবি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘ভোটকেন্দ্র কিংবা বিদ্যালয়টির কোনো আসবাবে আগুন দিতে পারেনি দুর্বৃত্তরা। নির্মাণাধীন ভবনের কিছু বাঁশে আগুন দিয়ে পালিয়ে যায়। মূলত ভীতি সৃষ্টির জন্যে এ কাজটি করেছে। আজ রাতেই দুষ্কৃতকারীদের ধরতে ব্যাপক অভিযান চালানো হবে।’