সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।এ ঘটনার জের ধরে গ্রামবাসী দুই ঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই ছাত্র। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। আহত চার ছাত্রকে চিকিৎসার জন্য নগরের একাধিক ক্লিনিকে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের একজন ছাত্র পাশের একটি রেস্তোরাঁয় গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন। এ সময় ওই ছাত্র রেস্তোরাঁর কর্মীকে আরেকবার মাংস আনতে বলেন। রেস্তোরাঁর কর্মী বাটিতে করে মাংস নিয়ে এলে তা মাটিতে পড়ে যায়। এ জন্য রেস্তোরাঁর মালিক ছাত্রটিকে দায়ী করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এর জের ধরে রেস্তোরাঁর মালিকের সঙ্গে ওই ছাত্রের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রটিকে বোতল দিয়ে আঘাত করেন রেস্তোরাঁর মালিক। পরে এলাকার লোকজন দোকানির পক্ষ নেয়। একপর্যায়ে গ্রামবাসী ও ছাত্ররা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সূত্র জানায়, সংঘর্ষের একপর্যায়ে গ্রামবাসী সন্ধ্যা ছয়টা থেকে রাত প্রায় আটটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। রাত আটটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একজন দোকানি আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে কোনো কারণ ছাড়া মারধর করেছে। পরে দোকানির পক্ষে অবস্থান নেয় গ্রামবাসী। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর বেপরোয়া হামলা চালায়। এতে আমাদের অনেক ছাত্র আহত হয়েছে।’ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়ক থেকে গ্রামবাসী ও ছাত্রদের সরিয়ে দেওয়া হয়েছে। রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।