সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত পণ্য বোঝাই করা গাড়িকে জরিমানা ও মামলা দায়ের করার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবরোধ করেন পণ্যবাহী গাড়ির চালক ও তাঁদের সহকারীরা। প্রায় এক ঘণ্টার এই অবরোধে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ডের বড় দারোগারহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এলাকায় অবরোধ করা হয়। প্রায় এক ঘণ্টা পর সীতাকুণ্ড থানার পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমীন। এ সময় অতিক্তি পণ্য বহনের দায়ে ১৬টি গাড়িকে ১৬ হাজার টাকা জরিমানা ও ৪৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কে কয়েকটি গাড়িকে এলোপাতাড়ি পার্ক করে অবরোধ করেন চালকেরা। এ সময় তাঁরা বিক্ষোভ করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, দুই ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর চালকেরা লোকজন জড়ো করে অবরোধ করেন।
মোহাম্মদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, অভিযানকালে ৯৩টি পণ্যবাহী গাড়ির ওজন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৩টি গাড়ি অনুমোদিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য পরিবহন করছিল। তিনি বলেন, অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে প্রায়ই চালকেরা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত পণ্য বহন করায় ক্ষতি হচ্ছে সড়কের। জানমাল এবং সড়কের সুরক্ষার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।