সীতাকুণ্ডে মিষ্টির দোকানকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান অমলেন্দু সেন সুইটসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে উপজেলা সদরের নামার বাজার এলাকায় প্রতিষ্ঠানটির মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালিয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমীন এই জরিমানা করেন।
অবশ্য কারখানার ব্যবস্থাপক মনোরঞ্জন দত্ত প্রথম আলোকে বলেন, ফেলে দেওয়ার জন্য রাখা পরিত্যক্ত উপকরণে পোকামাকড় ছিল। তা ফেলে দেওয়ার আগেই অভিযান চালানো হয়। তিনি বলেন, কারখানার মেঝেতে টাইলস লাগানোর জন্য তাঁদের সময়
বেঁধে দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে টাইলস বসানোর কাজ শুরু হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন প্রথম আলোকে বলেন, অভিযানকালে তিনি দেখতে পান মিষ্টির রসে বড় আকারের মরা ইঁদুর পড়ে আছে। এ ছাড়া পোকামাকড় ও গাছের পাতা ভাসছে। রেফ্রিজারেটরে মাছ ও মিষ্টি দই খোলা অবস্থায় রাখা ছিল। তা ছাড়া রান্নাঘর ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। এসব কারণে প্রতিষ্ঠানটির মালিক সুনির্মল সেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, কারখানার পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মনোরঞ্জন দত্তকে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময় কারখানার উৎপাদন বন্ধ থাকবে। কারখানার পরিবেশ স্বাস্থ্যকর হলে পুনরায় উৎপাদনের অনুমতি দেওয়া হবে।