সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবলু মোল্লা (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ ও চালক সিরাজুল ইসলামকে আটক করেছে। এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
নিহত বাবলু সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী কুসুমদিয়ার ওয়াদুদ মোল্লার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বাবলু মোটরসাইকেলযোগে চট্টগ্রামে ব্র্যাকের বিভাগীয় কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে কাভার্ড ভ্যানটি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটিকে জব্দ করে।