সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের আবদুল্লাহর ঘাটা এলাকায় চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে (৩০) পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে সীতাকুণ্ড থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে যুবকটিকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কয়েক দিন ধরে সংঘবদ্ধ একটি চোরের দল স্থানীয়দের বাড়িঘর থেকে মোবাইল, মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো গ্রামে এ ঘটনা ঘটে থাকে। গত বুধবার রাতেও বেশ কয়েকটি বাড়িতে মোটরসাইকেল চুরির চেষ্টা করে সংঘবদ্ধ চোর চক্রটি। বিক্ষুব্ধ জনতা গতকাল সকালে চোরের দলের সদস্য সন্দেহে যুবকটিকে ধরে গণধোলাই দিলে সে মারা যায়। তবে কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করেছে সে বিষয়ে স্থানীয়রা মুখ খুলছে না বলে জানিয়েছে পুলিশ।