সীতাকুণ্ডে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে হাত-পা বাঁধা অবস্থায় আবদুস সালাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হাসনাবাদের গোয়ালিনী কনডেন্সড মিল্ক এলাকায় খালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিমপুর ইউনিয়নের ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা। তিনি উত্তর ভাটিয়ারি গ্রামের শাহ আলমের জামাতা। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা খালের পাড়ে লাশটি দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে এলাকার বহু মানুষ সেখানে যায়। পরনের লুঙ্গি ও শীতের জ্যাকেট দেখে তাঁর স্ত্রী শাহনাজ আক্তার লাশটি শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহত যুবকের স্ত্রী শাহানাজ আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী জাহাজভাঙা কারখানার শ্রমিক ছিলেন। একই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। গত ২১ জানুয়ারি রাত ১০টার দিকে তাঁর স্বামী মুঠোফোনে কথা বলে ঘর থেকে বেরোনোর পর আর ফেরেননি। এর পর থেকে বিভিন্ন জায়গায় খুঁজেও না পেয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
শাহানাজ বলেন, তাঁদের তেমন অর্থ-সম্পদ নেই। তাঁর দাবি, রাজনীতির কারণেই তাঁর স্বামী খুন হয়েছে। তবে সালাম আওয়ামী লীগের কোনো পদে ছিলেন কি না, তা তিনি জানাতে পারেননি শাহানাজ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শাহেদ আলী প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন আগে তাঁকে খুন করে পাহাড়ের কাছে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গত দুদিনের কালবৈশাখী বৃষ্টিতে লাশটি লোকালয়ে ভেসে এলে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। খুনের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।