সীতাকুণ্ডে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন যুবদলের সদস্য নিজামুল করিম ওরফে সবুজকে (৩০) তাঁর বাড়ির সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের লাশ উদ্ধার করেছে। তিনি ওই ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের আনিসুল হকের ছেলে ও ইউপি সদস্য রেজাউল করিমের ভাই।
এদিকে স্থানীয় আওয়ামী লীগের অস্ত্রধারীরা সবুজকে হত্যা করেছে বলে উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী সুজা উদ্দীন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের লোকজন দীর্ঘদিন ধরে তাঁকে টার্গেট করেছিল। গতকাল রাতে তাঁর ঘরের ১০০ গজ দূরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নিজামী বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, যুবদলের দুই পক্ষের টানাপোড়েনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা। তাদের দলীয় প্রতিপক্ষের হামলায় সবুজ নিহত হন। আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা সবুজের মাথায় ও কপালে কিরিচ দিয়ে কোপালে ঘটনাস্থলে তিনি নিহত হন। স্থানীয় লোকজন তাঁর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।