চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবদলের এক নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দীন সোহেল উপজেলা যুবদলের সহসভাপতি ছিলেন। তিনি গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার মুরাদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে উপজেলার ছোট দারোগাহাট এলাকা থেকে ব্যক্তিগত গাড়িযোগে পরিবারের দুই সদস্যকে নিয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন উপজেলার ছোট দারোগাহাট এলাকার সাবেক ইউপি সদস্য মো. ফারুক। পথে ফারুকের বন্ধু সালাউদ্দীন সোহেল গাড়িতে ওঠেন। গাড়িটি সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সালাউদ্দীন মারা যান। দুর্ঘটনায় আহত গাড়ির অপর তিন আরোহীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম জানান, ট্রাক দুটি আটক করা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন।