সীতাকুণ্ডে যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন যুবদলের সদস্য নিজামুল করিম ওরফে সবুজকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামের আনিসুল হকের ছেলে ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিমের ভাই। আওয়ামী লীগের স্থানীয় অস্ত্রধারীরা তাঁকে হত্যা করেছে বলে উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী সুজা উদ্দীন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের লোকজন দীর্ঘদিন ধরে তাঁকে লক্ষ্য করেছিল। আজ রাতে তাঁর ঘরের ১০০ গজ দূরে তাঁকে কুপিয়ে হত্যা করে।
একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নিজামী বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, যুবদলের দুই গ্রুপের টানাপোড়েনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা। তাদের দলীয় প্রতিপক্ষের হামলায় সবুজ নিহত হন। আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা সবুজকে তাঁর মাথায় ও কপালে কিরিচ দিয়ে কোপালে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।