সীতাকুণ্ডে যুবলীগের দুই কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যুবলীগ ও ছাত্রলীগ। সকাল পৌনে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতারা গিয়ে অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেন।
যুবলীগের আহত কর্মীরা হলেন সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া গ্রামের ইউছুপ আলী (২৫) ও কলাবাড়িয়া এলাকার ফিরোজ খান (২৫)। ইউছুপকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও ফিরোজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে বোনের বিয়ের দাওয়াত দিতে উপজেলার গুলিয়াখালী এলাকায় যান যুবলীগকর্মী ফিরোজ ও তাঁর বন্ধু ইউছুপ। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। তাঁদের চিত্কার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মহাসড়ক অবরোধের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন রেহান বলেন, দুই কর্মীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে যুবলীগ নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে তিনি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়নি।