সীতাকুণ্ডে রড তৈরির কারখানায় ৯ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ইউনিয়নের বানুবাজার এলাকায় একটি স্টিল মিলসে চুল্লির উত্তপ্ত তরল লোহার উদ্গিরণে নয় শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ওই এলাকায় সীমা অটো রিরোলিং মিলসে এ ঘটনা ঘটে।
অন্যান্য শ্রমিকেরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম নগরের একেখাঁন মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
আহত শ্রমিকেরা হলেন-মো. হাসান (৩৮), মো. নাসির উদ্দিন (৪০), সেকান্দর আলী, (৪৮), সঞ্জয় দাশ (২৯), ওমর ফারুক (৩৫), মো. মোস্তফা (২৭), মো. রাজু (৩০), নিজাম উদ্দিন (৩২) ও শফিকুল ইসলাম (৩৩)।
এদের মধ্যে নিজাম উদ্দিন, মো. রাজু ও মো. মোস্তফার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
কারখানাটির অন্যতম পরিচালক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে কারখানার একটি চুল্লিতে লোহা গলানোর সময় লোহার জট সৃষ্টি হয়। এ সময় হঠাৎ উত্তপ্ত গলিত লোহার উদ্গিরিত হয়ে (ফ্ল্যাশ) ওপরে ওঠে নয় শ্রমিক কিছুটা অগ্নিদগ্ধ হয়।
নাজিম উদ্দিন বলেন, কারখানা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। সম্ভবত কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, চুল্লির আগুনে ৯ শ্রমিক দগ্ধ হয়েছে। তিনি আহতদের হাসপাতালে দেখতে গিয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখেছেন। ওই তিনজনকে হাসপাতালটির শীতাতপ নিয়ন্ত্রিত বেডে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।