সীতাকুণ্ডে রাতে দফায় দফায় সংঘর্ষ
১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে পিকেটারদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় সাতটি কাভার্ড ভ্যানে আগুন ও ১০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে পণ্যবাহী শতাধিক কাভার্ড ভ্যান ও ট্রাক পুলিশের বিশেষ পাহারায় চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ১১টা থেকে একটার মধ্যে ইকোপার্ক গেট এলাকায় তিনটি, পৌর সদরের পন্থিছিলায় তিনটি ও ফকিরহাট এলাকায় একটি গাড়িতে আগুন দেয় পিকেটাররা। এর মধ্যে ছয়টি কাভার্ড ভ্যান রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশের সঙ্গে বিজিবির সদস্যরা যোগ দেন। রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রথম আলো ডটকমকে সাতটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফকরুল ইসলাম।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেন, বেশ কয়েক দিন গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি বন্ধ ছিল। গতকাল রাতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।