সীতাকুণ্ডে রাবণ-সীতা একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অদ্ভুত রাজনীতি’র কারণেই চট্টগ্রামের সন্ত্রাসকবলিত সীতাকুণ্ডের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বেগ পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রভাবশালী প্রায় সব নেতার ভাইসহ নিকটাত্মীয়রা জামায়াত-শিবির বা বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মী। ফলে নাশকতার অভিযোগে কেউ আটক হলে সরকারি দল থেকে ছাড়ানোর তদবির শুরু হয়। পুলিশ তা স্বীকারও করেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কয়েক মাস ধরে টানা নাশকতা চলছে। দেশের দুই প্রধান শহরের মধ্যে যোগাযোগের, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে পণ্য পরিবহনে বাধা দিতে পরিকল্পিতভাবে এ নাশকতা চলছে। দুই শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ, সহস্রাধিক গাড়ি ভাঙচুরসহ ধারাবাহিক নাশকতায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ।
পুলিশ সূত্র জানায়, গত ১ নভেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত ৫০ দিনে বিভিন্ন নাশকতার ঘটনায় সীতাকুণ্ড থানায় ৫৪টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন দুই শতাধিক আসামি, যাঁরা জামায়াত-শিবির ও বিএনপির স্থানীয় নেতা-কর্মী বলে জানা গেছে।
গত ২৮ নভেম্বর উত্তর জেলা শিবিরের সভাপতি কুতুবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আটটি মামলায় পৃথকভাবে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে। একই অভিযানে তাঁর ভাই ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের নেতা আরাফাতুর রহমান গ্রেপ্তার হন। এরপরই তাঁদের ছেড়ে দিতে ফোন করেন আওয়ামী লীগ-ছাত্রলীগের স্থানীয় নেতারা। স্থানীয় একজন রাজনীতিক এ পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এখানে রাবণ-সীতা সব সমান।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শহিদুল্লাহ বলেন, ‘সীতাকুণ্ডে নাশকতার অন্যতম সমন্বয়কারী কুতুব উদ্দিন। কুতুবকে প্রতিটি মামলায় আট-দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করি। কিন্তু তাঁর পক্ষে ২৫-২৬ জন আইনজীবী দাঁড়িয়ে রিমান্ড শুনানির বিরোধিতা করেন। এ কারণে কুতুবের অস্ত্রভান্ডার সম্পর্কে আমরা এখনো তথ্য বের করতে পারিনি।’
কুতুবকে ছেড়ে দেওয়ার জন্য কারা তদবির করেছিল জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হলে সব আসামির আত্মীয়রাই তদবির করেন। তদবিরকারীরা নিজেদের উপজেলা কিংবা ইউনিয়ন আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা বলে পরিচয় দেন। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের ভূঁইয়ার ছোট ভাই আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ইউনিয়ন জামায়াতের সক্রিয় কর্মী।
বাকের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ৩৮ বছর ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আমার ভাইকে টেনে আনছে। যার কথা বলা হচ্ছে, সে অর্ধপাগল। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা সবাই আলাদা।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরীর ভগ্নিপতি মো. হেলাল উদ্দীন জামায়াতের সক্রিয় কর্মী। সীতাকুণ্ড পৌর ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল হক চৌধুরীর বড় ভাই তৌহিদুল হক চৌধুরী জামায়াতের পৌর আমির।
জাহেদ চৌধুরী তাঁর ভগ্নিপতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘উনি (মো. হেলাল উদ্দীন) পাঁচ বছর আগেই জামায়াত থেকে সরে এসেছেন। এখন কোনো রাজনীতি করেন না।’
জাহেদ চৌধুরী আরও বলেন, ‘আমাদের দলের বড় অনেক নেতার আত্মীয়রা জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত, যে কারণে এই সন্ত্রাসী সংগঠনকে দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে। আমাদের পৌর ছাত্রলীগের সভাপতির বড় ভাই পৌর জামায়াতের আমির।’
চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি কুতুব উদ্দিনের ভাই আরাফাতুর রহমান ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন। সীতাকুণ্ডকে অস্থির রাখার জন্য কুতুবের সশস্ত্র ক্যাডারদের দায়ী করছে পুলিশ।
সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলমের ছোট ভাই রফিক আহমেদ জামায়াতের সমর্থক। মেয়রের এক ছেলে শিবিরের সমর্থক বলে এলাকায় প্রচারণা আছে।
শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার ছেলে কখনো রাজাকারের সংগঠন করতে পারে না। এটা অপপ্রচার। তবে আমার ভাই জামায়াতকে সমর্থন করে। কোনো মিছিল-সমাবেশে যায় না।’
সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিমের চাচাতো ভাই গাজী সুজা উদ্দীন উপজেলা বিএনপির সদস্যসচিব।
রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘সুজা উদ্দীন বিএনপির সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকীর সঙ্গে রাজনীতি করেছেন। ওই সময় সীতাকুণ্ডে সন্ত্রাস ছিল না। আমাদের চাচাতো-জ্যাঠাতো ভাইদের বিপরীতমুখী রাজনীতির কোনো নেতিবাচক প্রভাব এখনো সীতাকুণ্ডে পড়েনি। কারা সন্ত্রাস করছে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী জানে।’
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ভাই-সন্তান কিংবা আত্মীয়রা জামায়াত বা শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নাশকতায় কেউ আটক হলে তাঁরা তদবির করেন। এটা পুলিশের জন্য বিব্রতকর।’