সীতাকুণ্ডে রাস্তার পাশে নবজাতক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গত সোমবার রাত ১০টার দিকে নবজাতক কন্যাশিশুটিকে ওখানে পাওয়া যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে উপজেলার পৌর সদরের সীতাকুণ্ড উচ্চবিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাস এসে থামে। কিছুক্ষণ পর সেটি চলে যায়। এর কয়েক মিনিট পর পৌর সদরের নাহার কসমেটিকসের মালিক মো. আলাউদ্দিন ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময় শিশুর কান্না শুনতে পান। তিনি কাছে গিয়ে নবজাতকটি দেখতে পান। পরে অনেক লোকজন সেখানে জড়ো হয়। তারা স্থানীয় নূরজাহান নামে এক নারীর কোলে শিশুটিকে তুলে দেন। পরে শিশুটিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কর্তব্যরত চিকিৎসক আশেক এলাহী জানান, শিশুটি সদ্যোজাত। শীতে ফেলে রেখে গেলেও হাসপাতালে নিয়ে আসায় শিশুটি সুস্থ আছে।