সীতাকুণ্ডে র্যাবের কাছ থেকে পালিয়েছেন বিএনপির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের পর র‌্যাবের কাছ থেকে পালিয়েছেন বদিউল আলম ওরফে বদি (৩০) নামের বিএনপির এক নেতা। গতকাল বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে এ ঘটনা ঘটে। বদিউল আলম বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ (৪ নম্বর) ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার বাদশা আলমের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া ধানের খোলা এলাকায় অবস্থান করছিলেন বিএনপির ওই নেতা। এ খবরে র‌্যাব-৭ সীতাকুণ্ডের অস্থায়ী ক্যাম্পের দুজন র‌্যাব সদস্য সাদা পোশাকে তাঁকে গ্রেপ্তার করে হাতকড়া পড়ান। এ সময় ছিনতাইকারী বলে বদিউল আলম চিৎকার করতে থাকলে স্থানীয় ব্যক্তিরা বের হয়ে আসেন। ওই সময় বদিউল আলম র‌্যাবকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পরে হাতকড়াটি কৌশলে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে রেখে যান। হাতকড়া পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ওই ইউনিয়ন পরিষদের সহকারী সচিব মো. জিয়া। তিনি প্রথম আলোকে বলেন, পরিষদের একটু দূরে হাতকড়াটি পড়ে থাকার খবর পেয়ে তিনি গিয়ে সেটি উদ্ধার করেন। অভিযানের বিষয়টি স্বীকার করলেও তাঁদের হাত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি অস্বীকার করেন র‌্যাব-৭ সীতাকুণ্ড অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, র‌্যাব সদস্যরা তাঁর খুব কাছাকাছি পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। অভিযানটি একটু দেরিতে শুরু হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।